দীর্ঘ একযুক ধরে জলাবদ্ধতায় রয়েছে কৃষকের ৪ হাজার বিঘা কৃষি জমি। পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় তিন ফসলি কৃষি জমি এখন এক ফসলি জমিতে রুপান্তর হয়েছে। ফলে স্থানীয় ১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছেন।
জানাগেছে, মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের গজারিয়া চকে প্রায় ৪ হাজার কৃষি জমি দীর্ঘ একযুগ ধরে জলাবদ্ধতা অবস্থায় রয়েছে। বছরের প্রায় ৭ মাসই পানিতে তলিয়ে থাকে তিন ফসলি কৃষি জমি। জলাবদ্ধতার কারণে তিন ফসলি জমি এখন এখন এক ফসলিতে রুপান্তর হয়েছে। বর্ষার পানি সঠিক সময়ে বের হতে না পারায় প্রতিবছর ১ হাজার কৃষক তাদের জমিতে ফসল ফলাতে পারছে না। এতে একদিকে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরদিকে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। একসময় ওই জমিতে কৃষকরা বছরে তিনবার ফসল আবাদ করতো। জলাবদ্ধতার কারণে সেই কৃষি জমিতে এখন এক ফসল চাষ হচ্ছে। গজারিয়ায় চকের পানি নিষ্কাসনের একমাত্র খালের উপর বাঁধ নির্মাণ হওয়ায় প্রতিবছর প্রায় ৪ হাজার কৃষি অনাবাদি হয়ে পড়েছে। বর্তমানে দীঘি ইউনিয়নের ৬ টি গ্রামের কৃষি জমিতে জলাবদ্ধতা অবস্থায় রয়েছে। এতে প্রতিবছর কৃষকরা তাদের আয় থেকে প্রায় ১৫ কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়রা জানান, একটা সময় গজারিয়া চকের পানি সেওতা এলাকার খাল দিয়ে পাশেই কালীগঙ্গা নদীতে বের হতো। পৌরসভা থেকে ১২০০ ফুট বাঁধ নির্মাণ করায় ওই খাল দিয়ে পানি বের হতে পারে না। যার ফলে বছরের ৭ মাসই কৃষি জমিতে জলাবদ্ধতা অবস্থায় থাকে।
পৌলী গ্রামের বাসিন্দা তজুমুদ্দিন বলেন, সেওতা এলাকার মাক্কু মিয়ার বাড়ির পাশে পৌরসভা থেকে একটি কালভার্টে দেয়া হয়েছে। কিন্তু কালভার্টটি উচুতে বসানো হয়েছে। যার কারণে গজারিয়া চকে বর্ষার পানি খাল দিয়ে বের হতে পারে না। যার কারণে আমাদের তিন ফসলি জমি এখন এক ফসলিতে পরিনত হয়েছে। এতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
আক্কাস নামের আরেক কৃষক বলেন, প্রায় ১৩ বছর ধরে আমাগো জমিতে পানি জমে থাকে। আমরা আগের মতো আর শস্য ফলাতে পারছি না। একটা সময় আমরা জমিতে সরিষা,বোরো এবং আমন ধান চাষ করতাম। এখন শুধু এক ফসল চাষ হচ্ছে। এতে আমাগো অনেক ক্ষতি হচ্ছে।
জয়নাল নামের কৃষক বলেন, জমিতে এখন ৭ মাস পানি জমে থাকে। এখন মানুষে জমিতে মাছ ধরতে আসে। জমিতে আবাদ করতে পারছি না। একতে পানি অন্যদিকে ৪ থেকে ইটভাটা হয়েছে। জমিতে ৭ মাস পানি থাকে। আবার ইটভাটার কালোধূয়ায় জমির ক্ষতি হচ্ছে। আমরা সাধারণ কৃষক আমাগো কষ্ট মানুষ বুঝবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গজারিয়ায় চকের পশ্চিম রয়েছে পৌরসভার বাঁধ। পাশে ঢাকা আরিচা মহাসড়ক। বাঁধের উপর বক্সকালভার্ট দেয়া হয়েছে। কিন্তু কালভার্টটি উচুতে স্থাপন করা হয়েছে। যার ফলে ওই চকের পানি খাল দিয়ে বের হতে পারছে না। অন্যদিকে গজারিয়ায় চকে কৃষি জমিতে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। এসব ইটভাটার কারণেও কৃষি জমির ক্ষতি হচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমতিয়াজ আলম বলেন,উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভেকু ও শ্রমিক দিয়ে সেওতা খাল পরিস্কার এবং পাশাপাশি বিএডিসি (সেচ) প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্হা গ্রহন করা হয়েছে।